ময়মনসিংহের ত্রিশালে সুশেন চন্দ্র সরকার (৫৭) নামের এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত রহস্য উদঘাটন করা যায়নি বলে জানিয়েছে জেলা পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত এ ঘটনায় ত্রিশাল থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফিরোজ হোসেন। তবে হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।
নিহত সুশেন চন্দ্র সরকার ত্রিশাল উপজেলার সাউদকান্দা গ্রামের স্বর্গীয় রাসবিহারী সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগার বাজার চৌরাস্তা এলাকায় চালের ব্যবসা করে আসছিলেন।
এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তা এলাকায় অবস্থিত নিহতের চালের গোডাউনে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো: আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত খুনিদের গ্রেফতার করা সম্ভব হবে।’



