মুন্সীগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র্যাব-১০। এ ঘটনায় মূর্তি পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, শুক্রবার (১ মে) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে র্যাব-১০ এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন আটপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৪১ কেজি ওজনের একটি কালো রঙের প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
অভিযানে গ্রেফতাররা হলেন—মাদারীপুর জেলার কালকিনী উপজেলার লক্ষ্মীপুর ফকিরা এলাকার বাসিন্দা মো: ইদ্রিস চোকদার (৫৪) এবং মুন্সীগঞ্জের টুঙ্গীবাড়ি উপজেলার সোনারং এলাকার মো: আনোয়ার হোসেন (৫২)। তাদের কাছ থেকে ব্যবহৃত দুটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, উদ্ধারকৃত মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ৫০ ইঞ্চি এবং প্রস্থ ২৪ ইঞ্চি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ পাচারচক্রের সদস্য। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে কষ্টিপাথরের প্রাচীন মূর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল তারা। উদ্ধার হওয়া মূর্তিটিও বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সাথে এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।



