নীলফামারীতে হামের উপসর্গ, নবজাতকের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
মৃত শিশু আফরিন
মৃত শিশু আফরিন |নয়া দিগন্ত

নীলফামারীর ডিমলায় হামের উপসর্গ নিয়ে আফরিন জান্নাত নামের মাত্র ১১ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদুজ্জামান।

আফরিন ওই উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট এলাকার বাসিন্দা শিক্ষক আবু বকর সিদ্দিকের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হামের উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় নবজাতকটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদুজ্জামান বলেন, ‘শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় দ্রুত রংপুর মেডিক্যিাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরিবারের সাথে কথা বলে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি।’

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোগটির প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।