নাটোরের সিংড়ায় ধান কাটতে এসে বজ্রপাতে সম্রাট (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৫ টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেঙ্গাপাকুরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া সম্রাট সিরাজগঞ্জের শাহজাদপুরের নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে।
এসময় তার সাথে থাকা একই গ্রামের আলম হোসেন (৩৫) ও আফজাল হোসেনর (৪০) নামের আরো দুই ধান কাটা শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে একই সময়ে উপজেলা কৈগ্রাম মাঠে ধান আনতে গিয়ে ফিরোজ হোসেন (২৫) নামের এক কৃষক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ঠেঙ্গাপাকুরিয়া গ্রামের কৃষক আব্দুল আউয়ালের বাড়িতে ধান কাটার উদ্দেশ্যে ২০ শ্রমিক আসেন। মাঠে ধান কাটার সময় বিকেলে আকাশে মেঘ দেখে কাজের বিরতি দিয়ে তাদের নির্ধারিত টিনের ছাপড়া ঘরে ওঠেন শ্রমিকরা। হঠাৎ বজ্রপাত টিনের ছাপড়ায় পড়লে শ্রমিক সম্রাটসহ তা সাথে থাকা আরো দুইজন আহত হন। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও পৃথক স্থানে আরো তিনজন আহত হয়ে নাটোর সদর ও সিংড়া হাসাপাতালে ভর্তি হয়েছে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



