সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, ‘বিগত ১৭ বছর আমি নিজেই মজলুমের কাতারে ছিলাম। পেশাগত দায়িত্ব পালনে অনেক নির্যাতন করা হয়েছে। প্রমোশন দেয়া হয়নি। আট বছরের জুনিয়রকে আমার মাথার ওপরে বসিয়ে দেয়া হয়েছে। সৃষ্টিকর্তার কাছে আমি সবসময় এই প্রার্থনা করি, আমাকে তুমি মজলুম থেকে জালিমের কাতারে নিও না। এইটা আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা করে গেলাম।’
শনিবার (১৬ মে) এসএমপির কোতোয়ালি মডেল থানার উদ্যোগে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটি বলেন। দুপুরে নগরের সারদা স্মৃতি হল প্রাঙ্গণে এই ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল কুদ্দুছ চৌধুরী আরো বলেন, ‘কারো বিরুদ্ধে আমার ব্যক্তিগত ক্ষোভ নেই। আইনি কাঠামোর মধ্যে অপরাধী হিসেবে বিবেচিত হবে। মানবপাচার, ইভটিজিং, চাঁদাবাজি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে। এছাড়াও কোনো সোর্সের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার গণ্যমান্য নাগরিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ থানা পুলিশের কার্যক্রম ও এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরেন। উপস্থিত বক্তারা পুলিশের সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি ছিনতাই, চুরি, ইভটিজিং, কিশোর গ্যাং, যানজট এবং সড়ক ও জনদুর্ভোগ সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস ও কোতোয়ালি থানার ওসি খান মুহাম্মদ মাঈনুল জাকির প্রমুখ।



