সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের শেওলা সেতু সংলগ্ন এলাকা থেকে চোরাই পথে আনা সাড়ে ৭০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে এই চোরাই পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার সকালে দুবাগ ইউনিয়নের শেওলা সেতু এলাকায় সড়কে যানবাহনে তল্লাশী চালায় ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।
এ সময় সন্দেহভাজন দুটি ভ্যান আটক করে তল্লাশি চালানো হলে ভ্যানের ভেতর থেকে ২৭০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ ৫০ হাজার টাকা।
৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আতাউর রহমান নয়া দিগন্তকে জানান, জব্দ করা ভারতীয় অবৈধ জিরা ও ভ্যানের বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।



