সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর সন্ত্রাসী হামলা

দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন জাকির হোসেন ও তার লোকজন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় নেতাদের শেল্টারে নির্বিঘ্নে এসব অপকর্ম করে আসছিলেন।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর সন্ত্রাসী হামলা
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর সন্ত্রাসী হামলা |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মো: হাকিম নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে প্রকাশ্যে হামলা করে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। হামলায় মো: হাকিমের দুই পা ভেঙে যায়। বর্তমানে তিনি সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার সকালে তার বাবা আব্দুল আউয়াল সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগে, সোমবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌধুরীপাড়া এলাকায় ফুল চাঁন মিয়ার ছেলে জাকির হোসেন দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি সন্ত্রাসী দল তৈরি করে মাদক কারবার নিয়ন্ত্রণসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে বিভিন্ন সময় প্রতিবাদ করেন ওই এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো: হাকিম। এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার দুপুরে জোহর নামাজের পর মসজিদের মাঠে জাকিরের নেতৃত্বে মাসুম মিয়া, আলম মিয়াসহ সাত থেকে আটজনের একটি দল দেশীয় অস্ত্র লোহার রড, হকি স্টিক, দা ও লাঠিসোটায় সজ্জিত হয়ে তার (হাকিম) ওপর হামলা করে। এ সময় পিটিয়ে হাকিমের দুই পা ভেঙ্গে দেয় হামলাকারীরা। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসাপাতালে নিয়ে যায়।

আহতের বাবা আব্দুল আউয়াল জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন জাকির হোসেন ও তার লোকজন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় নেতাদের শেল্টারে নির্বিঘ্নে এসব অপকর্ম করে আসছিলেন। তার ছেলে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর থেকে এসবের প্রতিবাদ করেন।

গত সোমবার দুপুরে জোহর নামাজ শেষে একা পেয়ে তার ওপর হামলা করে। এ সময় লোহার রড ও হকি স্টিক দিয়ে পিটিয়ে তার দুই পা ভেঙ্গে দেয়।

এ ঘটনায় অভিযুক্ত জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনার সাথে তিনি জড়িত না। স্থানীয় কিছু বিএনপি নেতা অপপ্রচার করছে। তবে তার ভাতিজা মাসুমের সাথে মনোমালিন্যে এ ঘটনা ঘটেছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিববুল্লাহ বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।