গোপালগঞ্জের মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আমি কাজে বিশ্বাসী কোনো কথায় বিশ্বাসী না। যার প্রমাণ আজকের ট্রেনের যাত্রাবিরতি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুকসুদপুর রেলওয়ে স্টেশনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি আরো বলেন, নির্বাচনের পূর্বে আমি আপনাদের যে সকল কথা দিয়েছিলাম, আগামী তিন বছরে অক্ষরে অক্ষরে আমি তা পালন করবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা পেলে, মুকসুদপুরকে একটি বসবাসযোগ্য, সম্প্রীতির উপজেলা এবং একটি শান্তিপূর্ণ উপজেলা করতে যা কিছু করার দরকার, আমি তা করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমার নেতা তারেক রহমানও কাজে বিশ্বাসী। তিনি নির্বাচনী ইশতেহারে যে কথা দিয়েছেন, তার প্রতিটি কথা রাখার চেষ্টা করে যাচ্ছেন।
মুকসুদপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী, লেখক ও দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা, গোপালগঞ্জ জেলা প্রশাসক মো: আরিফ উজ জামান, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু প্রমুখ।



