ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৯৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার

উপজেলার কল্যাণপুর এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় বিজিবি সদস্যরা ভারতের দিক থেকে একটি ব্যাগ হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
উদ্ধারকৃত ইয়াবা
উদ্ধারকৃত ইয়াবা |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে নয় হাজার ৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার কল্যাণপুর এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় বিজিবি সদস্যরা ভারতের দিক থেকে একটি ব্যাগ হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করেন।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা ব্যাগটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে একটি কার্টুনের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা নয় হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া ইয়াবার কোনো মালিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে অবহিত করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত ইয়াবাগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখার কার্যক্রম চলছে।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, বিজয়নগর, আখাউড়া ও মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বের সাথে অব্যাহত রয়েছে। তিনি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আরো জোরদার করার কথাও জানান।