সিলেট নগরীতে ছিনতাই রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন, এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী। এরই মধ্যে নগরীর ২৬৩ ছিনতাইকারীর তালিকা প্রস্তুত করা হয়েছে। ছিনতাই প্রতিরোধে মোটরসাইকেলের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (এসএমপি) আবদুল কুদ্দুছ চৌধুরী এসব তথ্য জানিয়ে বলেছেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর।
তিনি বলেন, এসএমপির ৬ থানার ২৬৩ ছিনতাইকারীর তালিকা ধরে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এর মধ্যে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হবে।
এসএমপি কমিশনার বলেন, অনেকে ছিনতাইয়ের কাজে মোটরসাইকেল ব্যবহার করে। যারা কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালায় তাদেরবিরুদ্ধে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি উচ্চস্বরে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধেও অভিযান চলবে। একইসাথে উঠতি বয়সী কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।
এদিকে, সিলেট নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার সন্ধ্যায় ব্রিফিং করেন এসএমপি কমিশনার।
প্রেস ব্রিফিংয়ের সময় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৪৮ জন ছিনতাইকারী গ্রেফতার হলেও জানুয়ারি থেকে মার্চে এ সংখ্যা বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বিশেষ টিম গঠন করে অভিযান চালানো হচ্ছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই এ অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
পুলিশ কমিশনার বলেন, অপরাধ পুরোপুরি নির্মূল করা বাস্তবসম্মত নয়, তবে নিয়ন্ত্রণের মধ্যে এনে সহনীয় পর্যায়ে রাখা সম্ভব।
‘অপরাধকে একেবারে শূন্যে নামিয়ে আনা একটি ইউটোপিয়ান ধারণা। বাস্তবিকভাবে এটি সম্ভব নয়। তবে কার্যকর পদক্ষেপের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে’ এনে একটি সহনীয় পর্যায়ে রাখা যায়।’
তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। বিশেষ করে ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে জোরদার কার্যক্রম চালানো হচ্ছে।
আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, নিরাপদ নগরী গড়ে তুলতে পুলিশ এককভাবে নয়, বরং জনগণ ও গণমাধ্যমের সহযোগিতায় কাজ করছে।’
তিনি আরো বলেন, সিলেট একটি পর্যটননির্ভর অঞ্চল। তাই এখানে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তিনি আইনশৃংখলা রক্ষায় সকলের সহযোগীতা কামনা করেন।
ব্রিফিংয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



