মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশী মদসহ দু’জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ মশদগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে এসআই রাজিব সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এ সময় দক্ষিণ মশদগাঁওয়ের মালির অংক খালপাড় এলাকায় সাগর নামে এক ব্যক্তির বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে মো: আ: মান্নান খান (৬৫) ও সাগর খা (২৩) নামে দু’জনকে আটক করা হয়। সেইসাথে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও ৭৫০ মিলিলিটার বিদেশী ভদকা উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং তা আরো জোরদার করা হবে।



