মাদারগঞ্জে বন্ধের ২ বছর পর আল্ট্রাসোনোগ্রাম সেবা চালু

নানা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সেবা বন্ধ ছিল। এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রোগীদের ভোগান্তি পোহাতে হত।

Location :

Jamalpur
আল্ট্রাসোনোগ্রাম সেবা
আল্ট্রাসোনোগ্রাম সেবা |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর অবশেষে আল্ট্রাসোনোগ্রাম সেবা পুনরায় চালু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের আল্ট্রাসোনোগ্রাম কক্ষে এক রোগীর মাধ্যমে এ সেবার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নানা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সেবা বন্ধ ছিল। এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রোগীদের ভোগান্তি পোহাতে হত। অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মধ্যে।

সেবা চালুর প্রথম দিনেই রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা সরকারি ব্যবস্থাপনায় স্বল্প খরচে এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সেবাগ্রহীতা বলেন, বেসরকারি ক্লিনিকে উচ্চ খরচের কারণে এতদিন আল্ট্রাসোনোগ্রাম করা সম্ভব হয়নি। এখন সরকারি হাসপাতালে কম খরচে এ সেবা পেয়ে তারা উপকৃত হচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আবু রায়হান বলেন, ‘জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহযোগিতায় দীর্ঘদিন পর এ সেবা পুনরায় চালু করা সম্ভব হয়েছে। এতে এলাকার সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে।’

তিনি আরো বলেন, ‘সরকারি নির্ধারিত মূল্যে প্রেগন্যান্সি প্রোফাইল ১১০ টাকা এবং সম্পূর্ণ আল্ট্রাসোনোগ্রাম ২২০ টাকায় করা হচ্ছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছি। আল্ট্রাসোনোগ্রাম সেবা পুনরায় চালু হওয়া এ প্রচেষ্টারই একটি অংশ।’

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।