ফেনী অফিস
ফেনীতে জামায়াতে ইসলামীর হুইল চেয়ার উপহার পেয়ে খুশি ট্রেনে কাটা পড়ে দুই পা হারানো শহীদুল ইসলাম।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে শহরের নাজির রোড এলাকার রেললাইন সংলগ্ন বাসায় হুইল চেয়ার পৌঁছে দেন দলটির নেতারা।
ভূক্তভোগী শহীদুল ইসলাম জানান, দীর্ঘদিন তিনি সৌদি আরবে ছিলেন। ২০০৮ সালে কুমিল্লায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দুই পা হারিয়েছেন। এরপর থেকে তিনি মা, স্ত্রী ও দুই মেয়ে নিয়ে রেললাইন সংলগ্ন বাসায় বসবাস করেন। আর্থিক অনটনের কারণে হুইল চেয়ার কিনতে না পারায় বিছানায় সময় কাটাতেন তিনি।
শহীদুল ইসলাম জানান, এখন আগের মতো দীর্ঘসময় বিছানায় থাকতে হবে না। হুইল চেয়ার পেয়ে তিনি অনেক উপকৃত হয়েছেন।
জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান জানান, শহীদুল ইসলামের মানবেতর জীবন যাপনের খবর পেয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হুইল চেয়ার দেয়া হয়। এসময় তিনি ছাড়া শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ৯নং ওয়ার্ড আমির হাফেজ নজরুল ইসলাম, ১৫নং ওয়ার্ড আমির জাফর আহমেদ, স্থানীয় শওকত ইমরান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার সংগঠন উল্লেখ করে মুফতি আবদুল হান্নান বলেন, সমাজের অসহায়-অস্বচ্ছল ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে জামায়াত মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে।



