নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট এলাকায় বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মো: আমির (২৫) নামে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল দুইজন।
শনিবার সকাল ১০টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আমিরের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। বর্তমানে আরো চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় শংকর গোমেজ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট এলাকায় জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জন দগ্ধ হন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জন বাড়ি ফিরে যান। বাকি ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে বৃহস্পতিবার একজনের মৃত্যুর পর শনিবার আরো একজন মারা গেলেন।



