জুলাইয়ের অর্জনের সাথে বেঈমানীর সুযোগ নেই : এহসানুল মাহবুব জুবায়ের

গাজীপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
বক্তব্য রাখছেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
বক্তব্য রাখছেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক চেতনা অর্জিত হয়েছে, তা রক্ষা করা সবার দায়িত্ব। আমাদের জুলাইয়ের অর্জনকে সংরক্ষণ করতে হবে এবং সেই ধারাবাহিকতায় জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। এই অর্জনের সাথে কোনো ধরনের বেঈমানীর সুযোগ নেই।’

সোমবার (৯ মার্চ) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও মহানগর জামায়াতের প্রচার বিভাগীয় সম্পাদক সালাহউদ্দিন আইয়ুবী।

এহসানুল মাহবুব জুবায়ের আরো বলেন, ‘দেশের মানুষ দীর্ঘদিন পর আবার ভোটের অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা করছে। একটি সুস্থ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সকল রাজনৈতিক শক্তি ও নাগরিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো: খায়রুল হাসান ও মো: হোসেন আলী, মহানগর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি মো: আফজাল হোসাইন, ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর সভাপতি মো: জাকির হোসেন, সাংবাদিক নেতা মুস্তাফিজুর রহমান টিটো, খায়রুল ইসলাম, শরিফ আহমেদ শামীম, মো: রেজাউল বারী বাবুল, মো: আমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু সিনা মামুন, মাওলানা সাখাওয়াত হোসাইন, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির মো: নজরুল ইসলাম, গাজীপুর মেট্রো সদর থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো: ছাদেকুজ্জামান খান, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমির মো: আনোয়ার হোসেন ভূঁইয়া, গাছা থানা জামায়াতের আমির মিয়াজ উদ্দিন মাস্টার, বাসন থানা জামায়াতের আমির মাওলানা আকরামুল ইসলাম, কোনাবাড়ি থানা জামায়াতের আমির ডা: কবির হোসাইন, কাশিমপুর থানা জামায়াতের আমির মো: ফরহাদ হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে গাজীপুর মহানগরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক অংশ নেন।