কিশোরগঞ্জের হোসেনপুরে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: আবদুস সালাম (৩৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সালাম উপজেলার টানপাড়া এলাকার মরহুম আবদুস জব্বারের ছেলে। সালাম পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, সোমবার রাতে গড়মাছুয়া গ্রামের একটি বাড়িতে বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন আবদুস সালাম। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকু জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আবদুস সালামের মৃত্যু হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
চার কন্যা সন্তানের জনকের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


