কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনের বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষায় ফরম পূরণ করেও ১৩৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া পরীক্ষায় বহিষ্কার হয়েছেন দু’জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: কবীর উদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন এক লাখ ১৭ হাজার ৪৮১ জন। তবে, পরীক্ষায় অংশগ্রহণ করেন এক লাখ ১৬ হাজার ১১৬ জন। অনুপস্থিতির শতকরা হার ১ দশমিক ১৬ ভাগ।
তিনি আরো জানান, আজকের পরীক্ষায় কুমিল্লায় ৪৬৮, ব্রাহ্মণবাড়িয়ায় ১৮৭, চাঁদপুরে ২১২, ফেনীতে ১০১, নোয়াখালীতে ২৮২ ও লক্ষ্মীপুরে ১০১ জন পরীক্ষার্থী দ্বিতীয় দিনের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেননি। এছাড়া কুমিল্লা ও নোয়াখালী জেলায় একজন করে মোট দু’জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
উল্লেখ্য, কুমিল্লা বোর্ডের অধীন ২৭৭টি পরীক্ষা কেন্দ্রে এক হাজার ৮২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছেন। এর আগে, ২১ এপ্রিল প্রথম দিনের বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষায় ১৪২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।



