অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন

দলের নাম ভাঙিয়ে কাউকে অনৈতিক সুবিধা নিতে দেবো না

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
বক্তব্য রাখছেন অ্যাডভোকেট জালাল এমপি
বক্তব্য রাখছেন অ্যাডভোকেট জালাল এমপি |নয়া দিগন্ত

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন বলেছেন, ‘মাদক কারবারি, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা দলীয় পরিচয়ে কোনো ছাড় পাবে না। দলের নাম ভাঙিয়ে কেউ কোনো অনৈতিক সুবিধা নিতে চাইলে সাথে সাথেই আমাকে অবগত করুন।’

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে এমপি বলেন, ‘এই এলাকায় কোনো মাদক কারবারি, টেন্ডারবাজ, চাঁদাবাজ থাকবে না। আপনারা তাদের তালিকা তৈরি করেন, আমি তাদেরকে সংশোধনের জন্য সময় দিতে চাই। মাদকের সাথে জড়িতদের অন্য কোনো পেশা বেছে নেয়ার জন্য প্রয়োজনে আমি সাহায্য সহযোগীতা করব। কিন্তু কখনোই এই যুব সমাজকে ধ্বংস হতে দিতে দেবো না।

সরকারি দফতরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা কাজ করছি। জনগণের সেবা করার জন্যই তারা আমাকে ভোট দিয়েছে। আমার নির্বাচনী এলাকায় অতিতের চেয়ে বেশী কাজ করে দেখাতে চাই। আপনাদের দায়িত্ব হল এলাকায় কোথায় কি কি সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে আমাকে অবগত করা। বাস্তবানের দায়িত্ব আমার।’

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাসের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান, পাকুন্দিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নূর-এ-আলম খান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শফিউল্লাহ খন্দকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, পল্লী বিদ্যুত সমিতির পাকুন্দিয়া জোনাল অফিসের ডিজিএম নিতাই দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ওমর ফারুক ভূঁইয়া, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা আক্তার লিপি প্রমুখ।

এর আগে সকাল ১১টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন পাকুন্দিয়া উপজেলা পরিষদে এলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে অভিনন্দন জানান উপজেলা প্রশাসন।