সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট, চোরাই ভারতীয় বিড়ি ও একটি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ) রাতে উপজেলার কাউকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মধুয়ারচর গ্রামের নুরু মিয়ার ছেলে কামাল উদ্দিন (২৬), কাউকান্দি গ্রামের শফিক মিয়ার ছেলে জানু মিয়া (৩৫), রতনশ্রী গ্রামের রুহুল মিয়ার ছেলে শাওন আহমদ (২৫), একই গ্রামের কুতুব উদ্দিনের ছেলে বাদশা মিয়া (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার পুলিশ পরিদর্শকের (তদন্ত) তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো: নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাউকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে মোট ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ হাজার শলাকা ভারতীয় শেখ নাছিরুদ্দিন ব্র্যান্ডের বিড়ি, একটি পুরাতন মাহিন্দ্র মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য এক লাখ সাত হাজার ৬০০ টাকা। এ ঘটনায় এসআই মো: নাজমুল ইসলাম তাহিরপুর থানায় একটি মামলা করেন।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



