চট্টগ্রামের মিরসরাইয়ে র্যাব-৭-এর একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
শনিবার (১১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের সায়মন ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
আটক দু’জন হলেন— কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া গ্রামের বেলাল হোসেন (৩৫) ও শুভপুর গ্রামের আব্দুল রাজ্জাক (৪৫)।
র্যাব-৭-এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন (মিডিয়া) জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি কাভার্ডভ্যানযোগে বিপুল পরিমাণ গাঁজা চট্টগ্রামে আসার খবর পাই। খবর পেয়ে শনিবার রাত পৌনে ৮টার দিকে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের সায়মন ফিলিং স্টেশনের বিপরীতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
এ সময় চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ডভ্যান সেখানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করে। এ সময় কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে গাঁজাসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। আটক দু’জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘র্যাব-৭-এর সদস্যরা ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে রাতে থানায় হস্তান্তর করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে রোববার (১২ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয়।’



