মুন্সীগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, থানায় লিখিত অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। আত্মরক্ষার্থে ওই গৃহবধূর পাল্টা আঘাতে অভিযুক্ত ব্যক্তি আহত হয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
গজারিয়া থানা, মুন্সীগঞ্জ
গজারিয়া থানা, মুন্সীগঞ্জ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। আত্মরক্ষার্থে ওই গৃহবধূর পাল্টা আঘাতে অভিযুক্ত ব্যক্তি আহত হয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।

গত শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের টেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টেকপাড়া পূর্বপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক হাতেম আলী জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির আশ্বাস দিয়ে ভুক্তভোগী পরিবারের সাথে সখ্য গড়ে তোলেন। ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গৃহবধূ রান্নাঘরের কাজ শেষে ঘরে ফেরার পর সুযোগ বুঝে তিনি ঘরে প্রবেশ করেন। ওই সময় পাশের কক্ষে সন্তানরা পড়াশোনা করছিল এবং ঘরে অন্য কেউ না থাকায় অভিযুক্ত ব্যক্তি গৃহবধূর মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়।

ভুক্তভোগী গৃহবধূ জানান, পরিস্থিতি বেগতিক দেখে তিনি আত্মরক্ষার্থে হাতের কাছে থাকা ব্লেড নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি অভিযুক্তের শরীরে আঘাত করলে সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আত্মগোপনে যায় বলে জানা গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একাধিক বাসিন্দা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তির এমন আচরণে এলাকাবাসী হতবাক।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাসান আলী জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মিলেছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।