দিনাজপুরে ঈদের ছুটির মধ্যে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের দশমাইল হাইওয়েতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী প্রাণ হারান।
নিহতরা হলেন চিরিরবন্দরের বিশিষ্ট চক্ষু সার্জন ডা. খালেদ সাগরের একমাত্র ছেলে জাবির খালেদ এবং তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের শাহাপাড়া এলাকার মো: দুলাল হোসেনের ছেলে মো: রিয়াদ হোসেন। দু’জনেই আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বিকেলে তারা মোটরসাইকেলে সৈয়দপুরের উদ্দেশে রওনা দিলে গাড়োডাঙ্গি ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী জানান, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।’
এদিকে দিনাজপুরের ফুলবাড়ী মহাসড়কের আমবাড়ী এলাকায় ঈদের আগের দিন (২৭ মে) সড়ক দুর্ঘটনায় তিন বছরের এক শিশু নিহত হয়। জলপাইতলী নামক স্থানে অটোভ্যানের চাকার নিচে পড়ে গুরুতর আহত শিশুটিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



