মাদারীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় শহরের লেকপার স্বপ্নচূড়া রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সভাপতি রিফাত হোসেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক আলী হোসেনের সঞ্চালনায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোকলেচুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও কালকিনি পৌর জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সময়ের আলো পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহাবুবুর রহমান বাদল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি ও মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভীসহ অন্যরা।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ইফতার শেষে পবিত্র কোরআন শরীফ, ডাইরি, কলম, চাবির রিং ও ক্যালেন্ডার প্রদান করা হয়।



