লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

গত ২ মে দুপুরে লোহাগড়া পৌর এলাকার আলামুন্সির মোড়ে আকতার খানের ফার্নিচারের দোকানে ওই প্রতিবন্ধী কিশোরীকে (১১) ধর্ষণের অভিযোগ ওঠে।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
গ্রেফতার ধর্ষণ মামলার আসামি আকতার খান
গ্রেফতার ধর্ষণ মামলার আসামি আকতার খান |নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো: আকতার খানকে (৬০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টার দিকে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার টগরবন্দ ইউনিয়নের পানাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রেফতার আকতার খান লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের মরহুম এবাদত খানের ছেলে। তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে একটি ফার্নিচারের দোকান পরিচালনা করতেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি আকতার খানকে তার মেয়ের বাড়ি আলফাডাঙ্গার পানাইল গ্রাম থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ২ মে দুপুরে লোহাগড়া পৌর এলাকার আলামুন্সির মোড়ে আকতার খানের ফার্নিচারের দোকানে ওই প্রতিবন্ধী কিশোরীকে (১১) ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই প্রতিবন্ধী কিশোরীর বাবা লোহাগড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন।

গ্রেফতার আসামিকে সন্ধ্যার পর পরই লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।