মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারুফ সরদার (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ডাসার খাতিয়াল এলাকার নুর ইসলাম সরদারের সাথে একই এলাকার মোফাজ্জেল সরদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ২৫ এপ্রিল সকালে নুর ইসলামের বাড়ির পাশে একটি বিরোধপূর্ণ জমি উভয়পক্ষ পরিমাপের আয়োজন করে। এ সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে মোফাজ্জেল সরদারের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ নুর ইসলামের ওপর হামলা চালায়। বাধা দিতে গেলে নুর ইসলামের ছেলে মারুফ সরদারসহ পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়। পরে গুরুতর অবস্থায় নুর ইসলামকে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মারুফকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতলে নেয়া হলে ২৬ এপ্রিল মারা যায় সে।
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান মাহমুদ বলেন, ‘নিহতের মা মাহিনুর বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে ১২ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’



