বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় হিন্দু সম্প্রদায়ের নেতা শ্রী বিকাশ চন্দ্র রায় বলেছেন, ‘দাড়িওয়ালা ও টুপি পরা মুসলিম ভাইয়েরাই পূজামণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে পাহারা দিয়েছেন। এই সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ আমাদের মন ছুঁয়ে গেছে। আমাদের যেমন ভালো লেগেছে, তেমনি পারস্পরিক ভালোবাসা ও সম্মান আরো বাড়ানো প্রয়োজন।’
আজ দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী এ কে এম আফজালুল আনামের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সেতাবগঞ্জ পৌর ঈদগাহ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
জনসভায় নিজের বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের নেতা শ্রী বিকাশ চন্দ্র রায় বলেন, এ বছর আমাদের দুর্গাপূজা অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। কোথাও কোনো ভাঙচুর বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এতে আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত আনন্দিত।
প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী এ কে এম আফজালুল আনাম বলেন, আমি নির্বাচিত হলে সর্বপ্রথম সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালু করার কার্যকর উদ্যোগ গ্রহণ করবো। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে এক বছরের মধ্যেই দেশের সার্বিক চিত্র বদলে যাবে।
তিনি আরো বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে নয়, জনগণের একজন সেবক হয়ে কাজ করতে চাই।’
১১ দলীয় জোট পৌর শাখার আয়োজনে বোচাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিনুল হকের সভাপতিত্বে সেতাবগঞ্জ পৌর ঈদগাহ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহাবুব আলম।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিউর রহমান পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ আসনের পরিচালক তৈয়ব আলী, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়ক ও এনসিপি দিনাজপুর জেলার সাংগঠনিক সম্পাদক, খেলাফত মজলিসের বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল ওয়াহিদ শাহ।
বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে ১১ দলীয় জোট অঙ্গীকারবদ্ধ। দেশের স্থিতিশীলতা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
জনসভায় বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।



