সেনাবাহিনীর পাহারায় মাদারগঞ্জে জ্বালানি তেল বিতরণ

এদিকে নতুন করে তেলবাহী একটি লরি সিরাজগঞ্জের বাঘাবাড়ি এলাকা থেকে রওনা দিয়েছে, যা সন্ধ্যা ৭টার দিকে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে তেল বিতরণ শুরু হতে পারে বলে জানা গেছে।

Location :

Jamalpur
ছবি : নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জে জ্বালানি তেলের তীব্র সঙ্কটের মধ্যে সেনাবাহিনীর উপস্থিতিতে ফিলিং স্টেশনগুলোতে তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার তুহিন মৌসুমি ফিলিং স্টেশন ও মেসার্স লাবনী ফিলিং স্টেশনে এমন চিত্র দেখা গেছে।

এতে শৃঙ্খলা ফিরলেও দুর্ভোগ কমেনি—ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে সাধারণ মানুষ ও বাইকারদের।

তেল পেতে দীর্ঘ লাইনে অপেক্ষমাণ মানুষের ভিড় ও সীমিত সরবরাহ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। অনেকেই এ অবস্থাকে চরম ভোগান্তিকর বলে অভিহিত করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডিপো থেকে প্রাপ্ত জ্বালানি তেলের পরিমাণ সীমিত। এর মধ্যে ডিজেল ৪৫০০ লিটার, পেট্রোল ৩০০০ লিটার এবং অকটেনের কোনো সরবরাহ পাওয়া যায়নি। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় জনদুর্ভোগ বাড়ছে।

এদিকে নতুন করে তেলবাহী একটি লরি সিরাজগঞ্জের বাঘাবাড়ি এলাকা থেকে রওনা দিয়েছে, যা সন্ধ্যা ৭টার দিকে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে তেল বিতরণ শুরু হতে পারে বলে জানা গেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি সেবা ব্যতীত সকলকে লাইনে দাঁড়িয়ে সরকারি বিধি মেনে প্রয়োজনীয় তথ্য প্রদর্শনের মাধ্যমে তেল সংগ্রহ করতে হবে। একইসাথে আগে এলে আগে পাবেন ভিত্তিতে তেল বিতরণ করা হবে ও মজুদ শেষ হলে বিক্রয় কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার ও ট্যাগ অফিসার মো: তৌফিকুল ইসলাম খালেক বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।’