ধামরাইয়ে তেল কম দেয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে তেল কম দেয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
করিম ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
করিম ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে তেল কম দেয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার কালামপুর এলাকায় অবস্থিত করিম ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল দেয়ার অভিযোগের ভিত্তিতে ভোক্তা সংরক্ষণ অধিকারের উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে। বুধবার রাতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি জানান, ভোক্তাদের সাথে প্রতারণা রোধে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘কেউ যেন মাপে কারচুপি করে ভোক্তাদের ঠকাতে না পারে, সেজন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’

এ সময় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে সতর্ক করা হয় এবং পুনরায় একই অপরাধ করলে আরো কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়।

স্থানীয়রা প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এতে ভোক্তাদের অধিকার সুরক্ষিত হবে এবং অন্য ব্যবসায়ীরাও সতর্ক হবেন।