ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা সরেজমিন দেখতে দেখতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার জিওসি মো: কামরুল হাসান আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় আসেন।
তিনি উপজেলার সুখিপুর নির্বাচনী ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং খোঁজখবর নেন। এ সময় তার সাথে ছিলেন দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার যে জেদান আল মুসা পিপিএমসহ স্থানীয় নির্বাচনী কর্মকর্তা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশার দেন।
এদিকে একই সময় সাড়ে শহরের দিনাজপুর অ্যাকাডেমি স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং করেন র্যাব-১৩ এর স্কোয়াড্রন লিডার মো: আশরাফুল কবীর।
ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রতিবন্ধকতাহীন করতে র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।
দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে মোট কেন্দ্র রয়েছে ৮৪৪টি। র্যাব-১৩, সিপিসি-১ ক্যাম্পের আওতাধীন র্যাব এর ১২টি টহল দল, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র্যাব সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি, কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে থেকে র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প এর আওতাধীন নির্বাচনী এলাকায় মোতায়েনকৃত টহল টিমের কার্যক্রম তদারকি করবেন।
র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের মোবাইল টিম যেকোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় কাজ করে যাবে।
এছাড়াও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অন্য সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিবিড় সমন্বয় সাধন করে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। র্যাব-১৩ এর অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে ঝুঁকিপুর্ণ এলাকাসমূহ নজরদারিতে রাখা হবে।
এছাড়া র্যাব-১৩ এর প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে র্যাব-১৩ এর অত্যাধুনিক কন্ট্রোল রুম থেকে প্রতিটি টহল টিমের লাইভ লোকেশন পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে।
পাশাপাশি, র্যাব-১৩ এর মিডিয়া সেল সার্বক্ষণিক মিডিয়া মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য অনলাইন প্লাটফর্মে যেকোনো ধরনের গুজব ও অপতথ্য প্রতিরোধে কাজ করবে।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, মো: মনোয়ার হোসেন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।



