ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় করতোয়া নদী পার হতে গিয়ে পানিতে ডুবে সাকোয়াদ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সাকোয়াদ হোসেন ওই এলাকার মরহুম মমদেলের ছেলে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাকোয়াদ হোসেন তার পালিত হাঁসগুলোকে নদীর ওপার থেকে এপারে আনার উদ্দেশে করতোয়া নদী পার হচ্ছিলেন। এ সময় নদীর মাঝামাঝি এলাকায় গিয়ে তিনি গভীর পানিতে তলিয়ে যান। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়।
খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে নদী থেকে সাকোয়াদ হোসেনের লাশ উদ্ধার করা হয়।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আতাউর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় এবং ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।



