ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের লেকেরপাড়ের শহীদ কানন চত্বরে এ প্রতিবাদী সভার আয়োজন করে উদীচীর মাদারীপুর জেলা কার্যালয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রেসিডেন্ট নেতানিয়াহু উভয়েই নিজ নিজ দেশের আদালতে দণ্ডপ্রাপ্ত অপরাধী। তারা মানবতাবিরোধী ও গণহত্যাকারী। এই দুই ব্যক্তি আজ বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন। জায়নবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদ শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বকে আজ অনিরাপদ করে তুলেছে।
বক্তাদের অভিযোগ, ‘আজকের দুনিয়ায় ডোনাল্ড ট্রাম্প নয়া হিটলারে আবির্ভূত হয়েছেন। যাকে ইচ্ছা হত্যা করছেন, যাকে ইচ্ছা দেশ থেকে তুলে আনছেন। জাতিসঙ্ঘ অকার্যকর হয়ে যুক্তরাষ্ট্রের তাবেদার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এমনি বর্বরতার বিরুদ্ধে সভ্য দাবি করা কোনো দেশ যথাযথ প্রতিবাদ পর্যন্ত করছে না। বাংলাদেশ সরকার বা বিরোধী দলগুলো থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই বর্বরতার বিরুদ্ধে জোরালো কোনো প্রতিবাদ নেই।’
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান তারা। তারা বলেন, দেশে দেশে মার্কিন সাম্রাজ্যের চক্রান্ত চলে। এই চক্রান্তের কারণে কোনো হত্যার বিচার হয় না। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এমন অমানবিক হামলার হাত থেকে কোমলমতি শিশুরাও রেহাই পাচ্ছে না।
কর্মসূচি থেকে অতি দ্রুত হামলা বন্ধ ঘোষণা করে সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। পাশাপাশি মার্কিনী আধিপত্য ভেঙে এদেশে শান্তি প্রতিষ্ঠা করার দাবি জানান বর্তমান সরকারের কাছে।
এ সময় শিশু ইরা হত্যা ও ১৯৬৬ সালে যশোরে উদীচীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলত শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন উদীচীর মাদারীপুর জেলা শাখার সভাপতি ডা: রেজাউল আমিন, সচেতন নাগরিক কমিটির জেলা শাখার সভাপতি খান মোহাম্মদ শহীদ, উদীচীর মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন এলিন, সহ-সভাপতি আনিসুর রহমান মিন্টু, সদস্য আ জ ম কামালসহ অনেকেই।



