মুন্সীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে দ্বীনের পথে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা জামায়াতের আমির মাওলানা আ জ ম রহুল কুদ্দুস।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পৌরসভার কাচারি সংলগ্ন রয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত সদর উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি ও সেক্রেটারিদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথি রহুল কুদ্দুস বলেন, ‘আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি দান-সদকা করতে হবে এবং সংগঠনের প্রতিটি কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’
তিনি মিথ্যা পরিহার ও ওয়াদা রক্ষার ওপর গুরুত্বারোপ করে নেতাকর্মীদের জীবনাচরণে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
সদর উপজেলা জামায়াতের আমির মো: নুরুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটওয়ারী, জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজী ও সহকারী সেক্রেটারি মো: আব্দুল মালেক।
এছাড়া জেলা কর্মপরিষদ সদস্য মো: আক্তার হোসেন, আরশাদ আলী ঢালী, ডা: ইব্রাহিম খলিল, মাওলানা এ কে এম আবু ইউসুফ, মুন্সীগঞ্জ পৌরসভা আমির মাওলানা এইচ এম বায়েজিদ, মিরকাদিম পৌরসভা আমির মাওলানা মুহাম্মদ গোলাম জিলানী, সদর উপজেলা সেক্রেটারি মজনু দেওয়ান, পৌরসভার সেক্রেটারি মো: উজ্জ্বল হোসেন ও মিরকাদিম পৌরসভা সেক্রেটারি মাওলানা মো: জামাল উদ্দিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।



