রংপুরে সিগনাল অপারেটর ক্যাবল ওয়ানের অফিসে হামলা ও হত্যার হুমকির মামলায় গ্রেফতার হওয়া রংপুর জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুন (৪৪) এবং জেলা যুবদলের সহ-সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে (৪৩) জামিন দিয়েছে আদালত।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রংপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত কোতোয়ালীর বিচারক রাশেদ হোসাইন তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল নগরীর কামাল কাছনা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তামজিদুর রশিদ গালিবকে (৪৩) গ্রেফতার করেন। অন্যদিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর নুরপুর থেকে গ্রেফতার করে মুরাদ কায়সার মিথুনকে (৪৪)। পরে তাদের রংপুর মহানগর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
রংপুর মহানগর কোর্ট ইন্সপেক্টর শাহিন আলম জানান, আমলি আদালতে হাজির করা হলে তাদের আইনজীবী জামিন প্রার্থনা করলে ৫০০ টাকার পৃথক পৃথক চুক্তিতে চার্জশিট দেয়ার দিন পর্যন্ত জামিল মঞ্জুর করেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম জানান, কেবল ওয়ানের মালিক আওয়ামী লীগের বড় নেতা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১৫ সালে যুবদল নেতা গালিবকে সরিয়ে অবৈধভাবে ওই এলাকার ফিডের নিয়ন্ত্রণ নিয়েছিল আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর হারুন অর রশিদ ওরফে কানা হারুন। নিয়ম অনুযায়ী ফিডের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়ার দাবি জানানো হলেও কেবল ওয়ান কর্তৃপক্ষ তা দিতে গড়িমসি করেছেন। বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলেই তারা পরিকল্পিতভাবে উসকে দিয়ে পরিস্থিতি ঘোলাটে করেছে। আদালত জামিন দিয়েছেন।
এর আগে ডিশ ব্যবসার ফিডের নিয়ন্ত্রণ নিয়ে রোববার (১ মার্চ) সন্ধ্যায় নগরীর প্রেসক্লাবের সামনে ক্যাবল ওয়ান অফিসে হামলা, ভাঙচুর ও হত্যার অভিযোগ ওঠে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু, সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব এবং তাতী দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুসহ ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে। এ ঘটনায় কেবল ওয়ান কর্তৃপক্ষ পৃথক দু’টি মামলা করেন।
ক্যাবল ওয়ানের ব্যবস্থাপক পরাগ বলেন, ‘নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের কামালকাছনা এলাকার ক্যাবল ওয়ানের ফিড মালিক হারুন অর রশিদ কে বাদ দিয়ে জেলা যুবদলের সহ-সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে দেয়ার জন্য ওয়ান কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ২৩ ফেব্রুয়ারি কামাল কাছনা এলাকার ডিশের লাইন কেটে দেয় গালিব ও তার বাহিনী। বিষয়টি নিয়ে ২৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করেন৷’
ব্যবস্থাপক পরাগ আরো জানান, এই ঘটনার জেরে রোববার সন্ধ্যায় গালিব তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ক্যাবল ওয়ান অফিসে হামলা চালায়। ল্যাপটপসহ প্রয়োজনীয় ডিশের সরঞ্জামাদি ভাঙচুর করেন। তারা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে বলে, আগামীকালের মধ্যে হারুনকে বাদ দিয়ে গালিবকে ফিড না দেয়া হলে পুরো অফিস ভাঙচুর করা হবে।
ক্যাবল ওয়ান এর জিএম কাফি জানান, এ সময় হামলাকারীরা আমাকে মোবাইল ফোনে আগামীকালের মধ্যে ফিডের নিয়ন্ত্রণ গালিবকে দেয়া না হলে আমার পরিবারসহ আমাকে গুলি করে হত্যার হুমকিও দেয়। এই অবস্থায় সমস্ত কর্মচারীরা নিরাপত্তা হীনতায় ভোগে এবং অফিস তালাবদ্ধ করে তারা পালিয়ে যায়। আমরা সবাই এখন নিরাপত্তা হীনতায় ভুগছি। এ বিষয়ে আমরা দু’টি মামলা করেছি। সিসিটিভি ফুটেজে সব স্পষ্ট হয়ে আছে। অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, ওই ঘটনার সিসিটিভি ফুটেজ আমরা জব্দ করেছি। এছাড়াও প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়েছে। এ ব্যাপারে ওয়ান কর্তৃপক্ষ দু’টি মামলা করেছে। এর মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। দু’টি মামলায় আমরা নিবিড়ভাবে তদন্ত শুরু করেছি। বাকি আসামিদের গ্রেফতারের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।
এদিকে রাতেই এই ঘটনার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ বিষয়ে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু বলেন, ‘বিষয়টি কেন্দ্রীয় কমিটি অবগত হওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু এবং সহ-সম্পাদক রহমান তামজিদুর রশিদ গালিবকে সকল পদপদবী থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।’



