মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশু সন্তানসহ স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও ৮ মাসের শিশু।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শহরের আমিরাবাদ এলাকার মরহুম বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈ স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয় দিয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসসহ পরিবারের তিন সদস্য। মধ্যরাতে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি আরো জানান, পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। মিষ্টির কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যার ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টি বাড়ৈকে। তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



