সিলেটে ৩২ ঘণ্টায় এসএমপির অভিযানে গ্রেফতার আরো ৬৭

নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Sylhet

মহানগর এলাকায় অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘণ্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে আরো ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদক কারবারি ও চোরাচালানকারী রয়েছেন।

এর আগের ৩২ ঘণ্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছিল।

এসএমপি সূত্রে জানা গেছে, নগরজুড়ে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদক কারবারি ও চোরাচালানকারীসহ সর্বমোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এর মধ্যে নিয়মিত মামলার আসামি ও সন্দেহভাজন ৬ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন ও ১০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া এ সময় নগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরো পৃথক অভিযানে আরো ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদের মধ্যে ১ জন নিয়মিত মামলার আসামি, ১ জন ওয়ারেন্টভুক্ত, ১৪ জন মাদকসেবী, ৯ জন চিহ্নিত ছিনতাইকারী, ৪ জন ছিনতাইকারী সন্দেহে, ১২ জন সন্দেহভাজন আসামি রয়েছেন।

রোববার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।