ময়মনসিংহে শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে শাওন হত্যা মামলায় গ্রেফতার ৬

রাত ৮টার মধ্যে খুনিদের গ্রেফতারের আলটিমেটাম দেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পুলিশ ১০টি পৃথক টিম গঠন করে একযোগে অভিযান শুরু করে। রাত ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
আলোচিত শাওন হত্যা মামলায় গ্রেফতারকৃতরা
আলোচিত শাওন হত্যা মামলায় গ্রেফতারকৃতরা |নয়া দিগন্ত

ময়মনসিংহে শিক্ষার্থীদের ৮ ঘণ্টার আলটিমেটাম ও স্থানীয় সংসদ সদস্যের কঠোর হুঁশিয়ারির মুখে আলোচিত শাওন হত্যা মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নিহত নুরুল্লাহ শাওন কিশোরগঞ্জের কটিয়াদীর চর জাকালিয়া গ্রামের বাসিন্দা এবং আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গ্রেফতাররা হলেন-বিশাল বিন, বিপুল বিন, রাজ বিন, হৃদয়, দেবরাজ বিন ও মুন্না বিন। তারা সবাই কোতোয়ালী থানাধীন চর জেলখানা এলাকার বিনপাড়ার বাসিন্দা।

শনিবার দুপুর ২টায় আনন্দ মোহন কলেজ মাঠে শাওনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে দ্রুত বিচার দাবি করেন তারা। তারা রাত ৮টার মধ্যে খুনিদের গ্রেফতারের আলটিমেটাম দেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পুলিশ ১০টি পৃথক টিম গঠন করে একযোগে অভিযান শুরু করে। রাত ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, আসামিদের শনাক্ত করা হয়েছে। ছয়জনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শাওনের জানাজায় অংশ নেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি প্রশাসনের সমালোচনা করে বলেন, ‘শহরে চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে ব্যর্থতার ফলেই এমন ঘটনা ঘটছে। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে, শুক্রবার রাতে শাওনের লাশ উদ্ধারের খবরে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে আসা কর্মকর্তাদের গাড়ি আটকে টাউন হল মোড়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে শাওন ও তার বন্ধু রিয়াদ ব্রহ্মপুত্র নদের চরে ঘুরতে যান। ফেরার পথে ছিনতাইকারী চক্রের কবলে পড়েন তারা। ধাওয়ার মুখে রিয়াদ প্রাণে রক্ষা পেলেও নিখোঁজ হন শাওন। দুই দিন পর শুক্রবার রাত ১১টার দিকে জয়নুল আবেদিন উদ্যান সংলগ্ন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তবে শিক্ষার্থীরা বলছেন, গ্রেফতারই শেষ কথা নয়, দৃষ্টান্তমূলক শাস্তি চাই।