মুন্সীগঞ্জ সদরের পশ্চিম মুক্তারপুর সেতুর ঢালে নাসির হোসাইন (২৮) নামে এক পথচারীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টার সময় জনতার হাতে দুই ছিনতাইকারী আটক হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দু’জনকে হেফাজতে নেয়।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ছিনতাইকারীরা হলেন নারায়ণগঞ্জ এলাকার শরীফ (৪০) ও রুবেল (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার চর আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা নাসির পশ্চিম মুক্তারপুর সেতুর ঢাল দিয়ে হেঁটে যাওয়ার সময় তিন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। একপর্যায়ে তারা নাসিরকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে তার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। নাসির নিজেকে রক্ষা করতে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ছিনতাইকারীরা তার পিছু নেয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তিন ছিনতাইকারীর মধ্যে দু’জনকে আটক করে। এ সময় অন্য একজন পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আটক দুই ছিনতাইকারীকে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। পরে মুন্সীগঞ্জ থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া আটক শরীফের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও খুলনা জেলায় একাধিক মামলা রয়েছে। অন্য আটক রুবেলের বিরুদ্ধেও একটি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ আরো জানায়, পলাতক অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। জেলা পুলিশ অপরাধ দমনে জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।



