মানিকগঞ্জের হরিরামপুরে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত মানিকগঞ্জ-২ সংসদীয় আসনের প্রার্থী শেখ মুহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, এবারের নির্বাচনে ১১ দলীয় ঐক্যের গণজোয়ার তৈরি হয়েছে। ১১ দলীয় ঐক্যকে বিজয়ী করতে আমাদের সকলকে জনমত তৈরি করতে হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঝিটকা বাজারে গণসংযোগ শেষে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
শেখ মুহাম্মদ সালাহউদ্দিন বলেন, দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় সমর্থিত প্রার্থীর কর্মীদের ওপর নানানভাবে হামলা করা হচ্ছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। সেই সাথে এর সাথে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে।
সকল ধরনের ভয়ভীতিকে উপেক্ষা করে সকলকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান শেখ মুহাম্মদ সালাহউদ্দিন এবং ভোট গণনা শেষ হওয়ার আগ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে বলেন তিনি।
তিনি আরো বলেন, উপজেলার ৯টি ইউনিয়ন প্রতিবছর পদ্মা ভাঙনের কবলে পড়ে। আমি নির্বাচনে বিজয়ী হলে উপজেলার ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করবো। এছারাও তিনি ঝিটকা অঞ্চলকে পৌরসভা করার প্রতিশ্রুতি দেন।



