মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দরজারপাড় (শনিবাড়ী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টঙ্গীবাড়ী উপজেলার বেলুয়া গ্রামের আসলাম শেখের ছেলে সানিয়াত শেখ (২৫), পুরাপাড়া গ্রামের শাহ আলম খানের ছেলে শাকিব খান (৩২) এবং টঙ্গীবাড়ী গ্রামের বাদল মাঝির ছেলে তুর্জয় মাঝি (২৭)। তারা তিনজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে উপজেলার দিঘীরপাড় এলাকায় ঘুরতে যান। পরে রাত ৯টার দিকে তারা আলদি বাজারের দিকে যাওয়ার পথে দরজারপাড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি আম গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। গুরুতর আহত অপরজনকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু জানান, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে। এতে দু’জন ঘটনাস্থলে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহতদের লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



