ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুলতান মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর রাস্তায় বৃদ্ধকে পড়ে থাকতে দেখে থানায় ফোন করা হলেও পুলিশের সহায়তা মেলেনি বলে অভিযোগ করেছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারীরা।
তবে অসহযোগিতার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুলতান মিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী প্রিয়ন্তী ও তার স্বামী বলেন, ইকুরিয়া এলাকায় যাত্রী ছাউনির সামনে রাস্তার পাশে পড়ে ছটফট করছিলেন সুলতান মিয়া। তাকে উদ্ধার করে তৎক্ষণিক পুলিশকে ফোনে জানালে তারা আমাদেরই হাসপাতালে নিয়ে যেতে বলেন।
তারা আরো বলেন, পুলিশের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পেয়ে আশপাশের লোকজনের সহযোগিতায় একটি সিএনজিচালিত অটোরিকশায় নিয়ে হাসপাতালে রওনা হই। জুরাইন এলাকায় একটি হাসপাতালে নিয়ে গেলেও ভর্তি না করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যেতে বলে। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ৯টার দিকে বৃদ্ধকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কোনো গাড়ির ধাক্কায় তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন বলে তারা ধারণা করছেন।
এদিকে, রাতে নিহতের স্বজনরা খোঁজ নিতে হাসপাতালে এলে তার পরিচয় জানা যায়। নিহত সুলতান শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার ঢাকুরহাটি গ্রামের তুজুম আলী চৌকিদারের ছেলে। তিনি ইকুরিয়া এলাকায় থাকতেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, অসহযোগিতার বিষয়টি সত্য নয়। পথচারীদের ফোন পেয়ে মনির নামে এক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।



