দেশের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এর নির্বাহী সম্পাদক নাহার খান জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য ফিবেপ ওয়ার্ল্ড মিডিয়া ইন্টেলিজেন্স কংগ্রেসে যোগদানের জন্য আমন্ত্রিত হয়েছেন। আগামী ৩-৫ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিশ্বব্যাপী মিডিয়া ইন্টেলিজেন্স সংস্থা ফিবেপ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ঘোষণা করেছে, "টোকিওতে ওয়ার্ল্ড মিডিয়া ইন্টেলিজেন্স কংগ্রেসের ফাইবেপ মঞ্চে নাহার খানকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।"
সংস্থাটি জানায়, জাপানের বসন্ত যেমন ফুলের সৌন্দর্যে পরিচিত, তেমনি এ বছরের শরৎকাল হবে মিডিয়া ইন্টেলিজেন্সের সেরা মেধাবীদের মিলনমেলায় সমৃদ্ধ।
নাহার খান ইউএনবিতে সম্পাদকীয় নেতৃত্বের পাশাপাশি সোলিস গ্রুপের কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি এশিয়ানেট-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
গ্রেমেটারের সাথে তার কাজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে ফিবেপ জানায়, নাহার খান জটিল বৈশ্বিক তথ্যপ্রবাহ বিশ্লেষণ ও ঝুঁকি মূল্যায়নে সংগঠনগুলোর সক্ষমতা উন্নয়নে কাজ করছেন, যা ২০২৬ সালের কংগ্রেসের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ফিবেপ ওয়ার্ল্ড মিডিয়া ইন্টেলিজেন্স কংগ্রেস বর্তমানে যোগাযোগ, জনসংযোগ, প্রযুক্তি, সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ ও বিপণন পেশাজীবীদের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন হিসেবে পরিচিত। এতে বিশ্বের বিভিন্ন দেশের যোগাযোগ বিশেষজ্ঞরা অংশ নিয়ে অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তিগত উদ্ভাবন উপস্থাপন এবং শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।
সম্মেলনের আলোচ্যসূচিতে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, গোপনীয়তা ও তথ্যের অখণ্ডতা, কপিরাইট, তথ্য ব্যবহারের পরিবর্তন, জনসংযোগ প্রবণতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং মিডিয়া ইন্টেলিজেন্স খাতের ভবিষ্যৎ নিয়ে নানা বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
বর্তমানে ফিবেপ বিশ্বের ৫০টিরও বেশি দেশের ১২০টির বেশি করপোরেট সদস্য নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। সদস্য প্রতিষ্ঠানগুলো মিডিয়া মনিটরিং, মিডিয়া বিশ্লেষণ, জনসংযোগ বিতরণ, সাংবাদিক ডাটাবেজ, পরামর্শ সেবা ও SaaS প্ল্যাটফর্মসহ বিভিন্ন বৈশ্বিক সেবা প্রদান করে।
১৯৫৩ সালে প্যারিসে প্রতিষ্ঠিত ফিবেপ বর্তমানে ওয়ার্ল্ড মিডিয়া ইন্টেলিজেন্স কংগ্রেসসহ সিনিয়র নেটওয়ার্কিং সেশন এবং বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।



