হরমুজ প্রণালী অতিক্রম করতে তৃতীয় দফায় যাত্রা শুরু করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ এমভি ‘বাংলার জয়যাত্রা’। প্রণালী উন্মুক্ত ঘোষণার পর শুক্রবার রাত ৯টার দিকে পারস্য উপসাগর থেকে রওনা দেয় জাহাজটি। এতে ৩১ জন বাংলাদেশী নাবিক রয়েছেন।
সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক সাংবাদিকদের জানান, বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালীতে প্রবেশ করে এবং রাতেই প্রণালী অতিক্রমের সম্ভাবনা রয়েছে।
ইরানি কর্তৃপক্ষ শুক্রবার প্রণালীটি সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত ঘোষণা করার পরই একে একে জাহাজ চলাচল শুরু হয়। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, শতাধিক জাহাজ হরমুজমুখী পথে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের পতাকাবাহী ‘বাংলার জয়যাত্রা’ও সেই বহরের শুরুর দিকে রয়েছে এবং ঘণ্টায় প্রায় ৯ নটিক্যাল মাইল গতিতে অগ্রসর হচ্ছে।
জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানান, ইরানি বাহিনীর কোনো বাধা না থাকায় তারা নিরাপদে হরমুজের পথে রয়েছেন।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে অবস্থান করছিল জাহাজটি। এক বন্দর থেকে অন্য বন্দরে পণ্য পরিবহনে নিয়োজিত থাকার পর ১১ মার্চ দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে অনুমতি না পাওয়ায় সে সময় হরমুজ প্রণালী অতিক্রম সম্ভব হয়নি।
পরবর্তীতে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করা হয় জাহাজটিতে, যা কেপটাউন বন্দরে নেয়ার কথা। দ্বিতীয় দফায়ও অনুমতি না পাওয়ায় জাহাজটি প্রণালীর কাছাকাছি নোঙর করে ছিল। অবশেষে নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় অনিশ্চয়তা কাটিয়ে আবার যাত্রা শুরু করেছে ‘বাংলার জয়যাত্রা’।
জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানান, হরমুজ প্রণালী অতিক্রমের পর জাহাজটি নির্ধারিত গন্তব্য কেপটাউনের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখবে।



