নতুন কোচ হিসেবে গুইলার্মো হোয়োসের অভিষেকে জয় উপহার দিলেন অধিনায়ক লিওনেল মেসি। তার জোড়া গোলে কলোরাডো র্যাপিডসকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই নিয়ে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল মায়ামি।
রোববার (১৯ এপ্রিল) মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ১৩তম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয় গোল আসে প্রথমার্ধের শেষ দিকে, বিরতির ঠিক আগে।
যোগ করা সময়ে মেসির একটি ফ্লিক থেকে বল পেয়ে মাতেও সিলভেত্তি ক্রস বাড়ান, যা থেকে হেডে গোল করেন জার্মান বার্তেরাম। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিক কলোরাডো। ৪ মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচে তাদের সমতায় ফেরান রাফায়েল নাভারো (৫৮) ও ড্যারেন ইয়াপি (৬২)।
সেই সমতা থেকেই পরে ম্যাচ মায়ামির দিকে ঘুরিয়ে দেন মেসি। ৭৯তম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে উঠে পেনাল্টি বক্সে ঢুকে চমৎকার শটে জয়সূচক গোলটি করেন তিনি।
এই ম্যাচে স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন ৭৫,৮২৪ দর্শক, যা এমএলএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
উল্লেখ্য, মৌসুমের শুরুতে লস এঞ্জেলেস এফসির কাছে হারলেও এরপর টানা ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এমএলএস স্ট্যান্ডিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।



