কখনো বিশ্বকাপে না খেলা পাকিস্তান স্বপ্ন দেখছে বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার। সবকিছু ঠিক থাকলে সেই স্বপ্ন পূরণও হয়ে যেতে পারে, আর্জেন্টিনার সাথে একটি প্রীতি ম্যাচ খেলতে পারে তারা।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, আর্জেন্টিনার সাথে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)।
সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তারা ভার্চুয়াল সভার মাধ্যমে একাধিক বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।
জানা গেছে, সভার মূল আলোচনা ছিল আর্জেন্টাইন কোচদের পাকিস্তান সফর ও স্থানীয় কোচদের প্রশিক্ষণের জন্য বিশেষ কর্মসূচি, পাকিস্তানের ফুটবল কাঠামো শক্তিশালী করতে আর্জেন্টিনার কারিগরি সহায়তা নিয়ে।
এই সময় দুই জাতীয় দলের মাঝে একটি প্রীতি ম্যাচ আয়োজন নিয়েও কথাবার্তা হয়। তবে ম্যাচটি কখন ও কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো নিশ্চিত নয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সব কিছু চূড়ান্ত হলে প্রস্তাবিত এই হাই-প্রোফাইল ম্যাচটি ২০২৬ ফিফা বিশ্বকাপ পরবর্তী সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
লজিস্টিক ও প্রযুক্তিগত দিকগুলো মূল্যায়নের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ফলে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।



