এলাকায় অন্তত একটি মাঠ প্রস্তুতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে : প্রতিমন্ত্রী

আমরা আজ বেশ কয়েকটি মাঠ সরেজমিনে গিয়ে দেখব। তারপর সেগুলোর সমস্যার ওপর বাস্তবভিত্তিক সমাধান কী নেয়া যায় এবং পাশাপাশি সমস্যাগুলো চিহ্ন করে পরবর্তীতে আমরা আন্তঃমন্ত্রণালয় সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

নয়া দিগন্ত অনলাইন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক |ইন্টারনেট

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, রাজধানীর সব এলাকায় কিভাবে অন্তত একটি করে খেলার মাঠ প্রস্তুত করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এ লক্ষ্যকে সামনে রেখে আমরা কর্মসূচি প্রণয়ন করছি এবং সেভাবেই কাজ এগিয়ে নিচ্ছি।

আজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে একটি খেলার মাঠ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

এর পর বনানী, খিলগাঁওসহ পরিদর্শন টিম রাজধানীর বিভিন্ন খেলার মাঠ ও পরিত্যাক্ত খোলা জায়গা পরিদর্শন করবেন।

রাজধানীর মাঠগুলো সংস্কার করে শিশু-কিশোরদের খেলার উপযোগী করার লক্ষ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের পরিদর্শন টিম কার্যক্রম শুরু করেছে।

পরির্দশন টিমে রয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো: শফিকুল ইসলাম খান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান ও ঢাকার জেলা প্রশাসক মো: রেজাউল করিম।

মিরপুরের ইসিবি চত্বরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা রাজধানীর মাঠগুলোকে খেলার উপযোগী করে গড়ে তোলার পদক্ষেপের অংশ হিসেবে সরেজমিনে পরিদর্শনে নেমেছি।

তিনি বলেন, এ জন্য যেহেতু সংশ্লিষ্ট সব সংস্থার সহায়তা প্রয়োজন, তাই ওইসব দফতর প্রধানদের সাথে নিয়ে আমরা মাঠগুলো দেখতে এসেছি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমরা আজ বেশ কয়েকটি মাঠ সরেজমিনে গিয়ে দেখব। তারপর সেগুলোর সমস্যার ওপর বাস্তবভিত্তিক সমাধান কী নেয়া যায় এবং পাশাপাশি সমস্যাগুলো চিহ্ন করে পরবর্তীতে আমরা আন্তঃমন্ত্রণালয় সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।