যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে আমরাই ‘বিজয়ী’ : ইরানের স্পিকার

ইরানের স্পিকার দাবি করেন, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ইরান কৌশলগত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের পথ নিয়ন্ত্রণ করছে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক যুদ্ধে ইরান ‘যুদ্ধক্ষেত্রে বিজয়ী’ হয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, নিজেদের দাবি পূরণ হওয়ায় ইরান কেবল অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

শনিবার জাতীয় টেলিভিশনে দেয়া ভাষণে গালিবাফ বলেন, ‘আমরা রণক্ষেত্রে বিজয়ী হয়েছি।’

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ইরান কৌশলগত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের পথ নিয়ন্ত্রণ করছে।

গালিবাফ বলেন, ‘আমরা যদি যুদ্ধবিরতি মেনে নিয়ে থাকি, তা শুধু এ কারণে যে তারা (যুক্তরাষ্ট্র) আমাদের দাবি মেনে নিয়েছে।’

দু’সপ্তাহের এই যুদ্ধবিরতি নবায়ন না হলে বুধবার এর মেয়াদ শেষ হবে। পাকিস্তানসহ বিভিন্ন মধ্যস্থতাকারী স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ দিলেও তা এখনো চূড়ান্ত হয়নি। অমীমাংসিত মূল বিষয়গুলোতে অগ্রগতি অনিশ্চিত রয়েছে।

তিনি আরো বলেন, ‘শত্রুপক্ষ সবসময় তাদের দাবি আমাদের ওপর চাপিয়ে দিতে চেয়েছে। তাই আমাদের অধিকার প্রতিষ্ঠা করা জরুরি। এক্ষেত্রে আলোচনা সংগ্রামের একটি পদ্ধতি।’

উল্লেখ্য, গালিবাফ ও তার প্রতিনিধিদল গত ১১ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এটিই ছিল ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে উচ্চপর্যায়ের বৈঠক।

তবে ওই বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যদিও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নতুন করে আলোচনার পরবর্তী তারিখ এখনো নির্ধারিত হয়নি।