সার তৈরির কাঁচামাল অ্যামোনিয়ার সঙ্কটে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত সার কারখানা ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) উৎপাদন বন্ধ হয়ে গেছে।
গতকাল শনিবার রাত ৮টার দিকে সার উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন কারখানাটির কর্মকর্তারা।
এ বিষয়ে ডিএপিএফসিএলের ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল বলেন, কারখানার অন্যতম কাঁচামাল অ্যামোনিয়া সঙ্কটে শনিবার রাত ৮টা থেকে উৎপাদন বন্ধ হয়ে গেছে। আমরা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে অ্যামোনিয়া পেয়ে থাকি। বর্তমানে কারখানা দু’টি বন্ধ রয়েছে। এ দু’টি কারখানা চালু হয়ে অ্যামোনিয়া সরবরাহ না করা পর্যন্ত ডিএপিএফসিএল বন্ধ রাখা ছাড়া উপায় নেই।
এর আগে, গ্যাস সঙ্কটে গত ৪ মার্চ থেকে বন্ধ রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের দুই বৃহৎ সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)।
জানা গেছে, দেশের কৃষি খাতে সুষম সারের ব্যবহার নিশ্চিতকরণ এবং ক্রমবর্ধমান যৌগিক সারের (নাইট্রোজেন ও ফসফরাস-সংবলিত) চাহিদা মেটানোর লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতায় বিসিআইসির নিয়ন্ত্রণাধীন ডিএপিএফসিএল প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় দৈনিক ৮০০ টন ডিএপি সার উৎপাদন ক্ষমতাসম্পন্ন দু’টি পৃথক ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষে এ কারখানা ২০০৬ সাল থেকে ডিএপি সারের বাণিজ্যিক উৎপাদন শুরু করে। বর্তমানে কারখানাটিতে দৈনিক ৬০০ থেকে ৭০০ টন ইউরিয়া উৎপাদন হচ্ছে।
সূত্র : ইউএনবি



