বন অধিদফতরের কর্মকর্তাদের সাথে পরিবেশমন্ত্রীর মতবিনিময়

‘উপকূলীয় অঞ্চল, বিশেষ করে চরাঞ্চলে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে। এর মাধ্যমে দেশের বনাঞ্চলের ঘাটতি পূরণ করা সম্ভব হবে।’

নয়া দিগন্ত অনলাইন
বন অধিদফতরের প্রধান কার্যালয়ে অধিদফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
বন অধিদফতরের প্রধান কার্যালয়ে অধিদফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু |সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আজ আগারগাঁওয়ে বন অধিদফতরের প্রধান কার্যালয়ে অধিদফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন।

এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চল, বিশেষ করে চরাঞ্চলে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে। এর মাধ্যমে দেশের বনাঞ্চলের ঘাটতি পূরণ করা সম্ভব হবে।

তিনি আরো জানান, জবরদখলকৃত বনভূমি উদ্ধারেও মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

মন্ত্রী বন অধিদফতরের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের তাদের সমস্যা ও চ্যালেঞ্জগুলো লিখিতভাবে জমা দেয়ার নির্দেশ দেন। এসব তথ্যের ভিত্তিতে একটি সমন্বিত চেকলিস্ট প্রণয়ন করে বন সংরক্ষণ, বন উজাড় রোধ এবং দখলমুক্তকরণে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জবরদখলকৃত বনভূমি সংক্রান্ত তথ্য সংগ্রহে বিভাগীয় বন কর্মকর্তাদের তাগিদ দেন। তিনি বলেন, সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া সুন্দরবনে দস্যু দমনে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের সচিব মো: রায়হান কাওসার, অতিরিক্ত সচিব শামিমা বেগম এবং বন সংরক্ষক আর এস এম মুনিরুল ইসলামসহ বন অধিদফতরের প্রধান কার্যালয় ও মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস