জিসিসি’র নির্বাহী প্রকৌশলীকে কারাগারে পাঠানোর নির্দেশ

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন আদেশ বাতিল করে এ আদেশ দেন বিচারক।

নয়া দিগন্ত অনলাইন
গাজীপুর সিটি করপোরেশন
গাজীপুর সিটি করপোরেশন |সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো: ইব্রাহিম খলিলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আজ জেলার একটি আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন আদেশ বাতিল করে এ আদেশ দেন বিচারক। গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো: মোস্তফা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ১৫ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইব্রাহিম খলিলকে সাময়িক বরখাস্ত করে চাকরি থেকে অপসারণের চিঠি দেয়।

দুদকের অনুসন্ধানে জানা গেছে, ইব্রাহিম খলিল ও তার স্ত্রী মনোয়ারা বেগম আওয়ামী লীগ সরকারের সময় বিপুল পরিমাণ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেন। তদন্তে তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৪৬ লাখ ৪৯ হাজার টাকার সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তার বিভিন্ন ব্যাংক হিসাবে বেতন-ভাতার বাইরে আট কোটি ৭১ লাখ ৪১ হাজার টাকার বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্যও পেয়েছে দুদক।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। একই মামলায় তার স্ত্রীকেও আসামি করা হয়। বাসস