১৮ দফা দাবিতে পাবিপ্রবি ইনকিলাব মঞ্চের স্মারকলিপি প্রদান

আমাদের উত্থাপিত ১৮ দফা দাবি শিক্ষার্থীদের ন্যায্য ও মৌলিক অধিকার সংশ্লিষ্ট। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে শিক্ষার্থীরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।

পাবিপ্রবি প্রতিনিধি
১৮ দফা দাবিতে পাবিপ্রবি ইনকিলাব মঞ্চের স্মারকলিপি প্রদান
১৮ দফা দাবিতে পাবিপ্রবি ইনকিলাব মঞ্চের স্মারকলিপি প্রদান |নয়া দিগন্ত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবিকে সামনে রেখে ‘ইনকিলাব মঞ্চ’ ১৮ দফা দাবি উত্থাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে। একইসাথে দাবিগুলোর যৌক্তিকতা তুলে ধরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা। এসব সমস্যার সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

লিখিত বক্তব্যে আবাসিক হল সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরা হয়। এর মধ্যে মেয়েদের উভয় হলে নিরাপদ পানির সঙ্কট, ডাইনিংয়ে স্বাস্থ্যকর খাবারের অভাব এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চরম উদ্বেগের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়। বক্তারা বলেন, এসব মৌলিক সুবিধার অভাব শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করছে।

এছাড়া ছেলেদের হলগুলোর ডাইনিংয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের ও অপর্যাপ্ত খাবার সরবরাহ এবং কোনো কোনো হলে সকালের মিল বন্ধ থাকার বিষয়টিও তুলে ধরা হয়। গোসলের পানির নিম্নমান ও পানির ট্যাংক নিয়মিত পরিষ্কার না করার অভিযোগও করেন শিক্ষার্থীরা।

পড়াশোনার পরিবেশ নিয়েও অসন্তোষ প্রকাশ করে বক্তারা বলেন, রিডিং রুমগুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে, যা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।

প্রশাসনিক ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে শিক্ষার্থীরা ১৮ দফা দাবির মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন। দাবিগুলো হলো :

১. মেয়েদের উভয় হলে নিরাপদ পানির সঙ্কট নিরসন ও ডাইনিংয়ে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা
২. মেয়েদের হলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা
৩. ছেলেদের উভয় হলের ডাইনিংয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা
৪. ডাইনিংয়ে মানসম্মত ও পর্যাপ্ত খাবার সরবরাহ এবং সকল হলে সকালের মিল চালু করা
৫. গোসলের পানির মান উন্নয়ন ও পানির ট্যাংক নিয়মিত পরিষ্কার করা
৬. রিডিং রুমে পর্যাপ্ত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা
৭. অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা
৮. অবৈধ দখলকৃত সিটসমূহ দ্রুত উদ্ধার করা
৯. রাজনৈতিক বিবেচনায় সিট বণ্টন সম্পূর্ণরূপে বন্ধ করা
১০. মাদকসেবীদের আবাসিক হল থেকে বহিষ্কার নিশ্চিত করা
১১. ক্যাম্পাসে রাজনৈতিক সংগঠনগুলোর অনাকাঙ্ক্ষিত তৎপরতা বন্ধ করা
১২. দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের আচরণগত সমস্যার সমাধান করা
১৩. সার্বিক ব্যবস্থাপনার নিয়মিত তদারকি নিশ্চিত করা
১৪. কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়ন করা
১৫. রিডিং রুমগুলোতে অতিরিক্ত সুবিধা বৃদ্ধি করা
১৬. হলগুলোতে ও লিফটে ফ্যানের ব্যবস্থা করা
১৭. নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা
১৮. সংশ্লিষ্ট সকল বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমাদের উত্থাপিত ১৮ দফা দাবি শিক্ষার্থীদের ন্যায্য ও মৌলিক অধিকার সংশ্লিষ্ট। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে শিক্ষার্থীরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষার্থীদের প্রত্যাশা, প্রশাসনের আন্তরিক উদ্যোগের মাধ্যমে দ্রুত সমস্যাগুলোর সমাধান হবে এবং একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।